ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলো। স্তম্ভগুলোতে সাঁটানো অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণে প্রশাসকের দেওয়া ৭২ ঘণ্টার বেঁধে দেয়া সময়সীমা পার হওয়ার আগেই পুরো এলাকাকে বিজ্ঞাপনমুক্ত করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা সরাসরি যুক্ত হয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেন। মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে কাজ শুরু করে ধাপে ধাপে শেওড়াপাড়া পর্যন্ত পিলারে থাকা যাবতীয় কুরুচিপূর্ণ ও অবৈধ পোস্টার, ব্যানার এবং লিফলেট হাত দিয়ে ও পানি দিয়ে ধুয়ে মুছে ফেলে দেওয়া হয়।
এর আগে শনিবার শেওড়াপাড়া এলাকায় ডিএনসিসির সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মেট্রোরেলের মতো জাতীয় সম্পদের সৌন্দর্য রক্ষায় কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মেট্রোরেলের পিলার ও আশপাশের নান্দনিকতা নষ্টকারী সমস্ত পোস্টার ও লিফলেট আগামী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে। প্রশাসনের সেই ঘোষণার পরই সংশ্লিষ্ট দলগুলো মাঠে নামে এবং মাত্র এক দিনের মাথায় রোববারই সফলভাবে পুরো এলাকা পরিষ্কার করে ফেলে।
অভিযান শেষে মেট্রোরেলের নিচের সড়ক ও সংলগ্ন এলাকার রূপ আমূল বদলে গেছে। বিকেলের দিকে সরেজমিনে পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে মেট্রোরেলের খুঁটিগুলো পোস্টারের জঞ্জালে ঢেকে থাকত, এখন তা পুরোপুরি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন দেখাচ্ছে।
ঢাকার অন্যতম প্রধান আধুনিক গণপরিবহনের সৌন্দর্য রক্ষায় ডিএনসিসির এই সময়োপযোগী পদক্ষেপ ও দ্রুত বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নগরবাসী।
