কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
রোববার রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ’র প্রিজনসেল থেকে জামিনে মুক্তি পান তিনি।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেন।
আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম জানিয়েছেন, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক চারটি মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আর পুরনো নাশকতার একটি মামলায় আলতাফ হোসেন চৌধুরীর সাজা হয়। এখন সব মামলায় তিনি জামিন পেয়েছেন।
এর আগে ৩০ জানুয়ারি আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।
গত বছরের ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।