আদালতে ভিকারুননিসার সেই মুরাদ, রিমান্ডের আবেদন

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেনকে আদালতে তুলেছে পুলিশ।

অভিযুক্ত মুরাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে।

এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সোমবার রাতে কলাবাগানের একটি বাসা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়।

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সোমবার রাতে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভিকারুননিসার কর্তৃপক্ষ। এর আগে তাকে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়। 

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদকে গ্রেপ্তার করা হয়।