চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়নকে অর্থনৈতিকভাবে লাভবান করতে সুদূর প্রসারী পরিকল্পনার আহবান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।
বৃহস্পতিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি নিয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
সরকার সবুজ জ্বালানি নিয়ে কাজ করছে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী বলেন, দেশ ও জাতির কল্যাণে এ প্রক্রিয়া চলবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়ার তাগিদও দেন তিনি।
তিনি আরও বলেন, এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে, তা এ খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরনে কাজে দেবে। আমরা ইতোমধ্যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এটি চলমান রয়েছে।
তিন দিনব্যাপী এবারের আন্তর্জাতিক এ সম্মেলনে কানাডা, তুরস্ক, নেপাল, ভূটান, ফিলিপাইন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ বছরের সম্মেলনে ৫টি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা এবং ১টি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ-এর নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, ইউআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং আইসিডিআরইটি’২৪ সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআর-এর পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. ইন্তেখাব আলম।