টানা ১৬ দিন রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। শনিবার ভোর ৬টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে।
সেতু চালুর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি গণমাধ্যমকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) চালু হয়েছে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়।
এবার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ২২ ফেব্রুয়ারি থেকে পোস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু হয়। এ সময় ভারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।