রোজায় ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

রোজার মাস উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন নেয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার ঢাকায় ভারতীয় হাইক‌মিশনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জা‌নানো হয়েছে।

হাইক‌মিশন জানায়, আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে যমুনা ফিউচার পার্কের আইভ্যাকে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া অবস্থিত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার কথা।