কামরাঙ্গীরচরে সিবিডি প্রকল্প বাতিলের দাবি

রাজধানীর কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়া হবেনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার দুপুরে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এতে কামরাঙ্গীরচর থানার তিন ওয়ার্ডের বহু মানুষ সমবেত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিমের সভাপতিত্বে কামরাঙ্গীরচরের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা কামরাঙ্গীরচরকে কেন্দ্র করে নেয়া সিবিডি প্রকল্পকে এখানকার শত বছর ধরে গড়ে ওঠা জনপদের মানুষের জন্য অস্তিত্ব বিনাশী বলে দাবি করেন।

তাদের দাবি, প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশনের লুকোচুরির ভূমিকা মানুষকে আরও আতঙ্কিত এবং ক্ষুব্ধ করছে।

অনুষ্ঠানে বক্তারা সিবিডি প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে আন্দোলন কঠোর থেকে কঠোরতরের হুঁশিয়ারিও দেন তারা।

Kamrangirchar1

সমাবেশে বক্তব্য রাখেন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সদস্য সচিব এস এম মাওলা রেজা, নাগরিক পরিষদ সমন্বায়ক হাসান আহমেদ, জন্মভূমি রক্ষা কমিটির সদস্য হাজী মো. ফারুখ হোসেন, মামুন আহমেদ, নাজমুল হাসান মিলন, আরিফ মাদবর, আমির হোসেন লবণ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি হাসপাতাল মাঠ থেকে খোলামুড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষকে উচ্ছেদ করে কোন উন্নয়ন করতে দেয়া হবে না।