ডিবি কার্যালয়ে কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান

সনদ ও নম্বরপত্র জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হাজির হয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবর খান।

তলবের পর মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পৌঁছান তিনি। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।

এর আগে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে স্ত্রী সেহেলা পারভীন গ্রেপ্তারের পর আকবরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গোয়েন্দা পুলিশ।

জিজ্ঞাসাবাদে জালিয়াতি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হতে পারে বলে আগেই জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।

সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রোববার গ্রেপ্তারের খবর দেয় ডিবি। নম্বরপত্র ও সনদ জালিয়াতির বিরুদ্ধে সম্প্রতি ডিবির অভিযানে সেহেলাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচায় জড়িত ছিলেন বলে সাংবাদিকদের জানান ডিবি প্রধান হারুন। বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সার্টিফিকেট বিক্রির কথা স্বীকারও করেছেন সেহেলা পারভীন।

আর এই চক্রটি গত কয়েক বছরে পাঁচ হাজারের বেশি জাল সার্টিফিকেট ও মার্কশিট বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছে বলেও জানান তিনি।

স্ত্রী গ্রেপ্তারের পরই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে আলী আকবর খানকে অব্যাহতির কথা জানানো হয়। তাকে সংযুক্ত করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে।

জালিয়াতি চক্রে স্ত্রী জড়িত থাকায় স্বামী কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে গোয়েন্দাদের। তাই তাকেও জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে তলবের কথা জানান হারুন।