রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, সরকারি চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
রেল মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি দেয়ার কথা বলে একজনের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। চাকরিতে যোগ দিতে গিয়ে এ ভুক্তভোগী জানতে পারেন তার নিয়োগপত্রটি ভুয়া। পরে যোগাযোগ করা হলে প্রতারকদের মুঠোফোন বন্ধ পান তিনি। এই ঘটনায় চকবাজার থানায় মামলা করলে তদন্ত শুরু করে ডিবি।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফরিদুল ইসলাম, নাসির চৌধুরী, নাসিম মাহমুদ ও জুয়েল রানা নামে চার প্রতারককে।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মুঠোফোন, বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, চেক ও স্ট্যাম্প উদ্ধার করে ডিবি পুলিশ।
হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দুই থেকে তিন বছর ধরে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়। এসব বিজ্ঞাপন দেখিয়ে তারা চাকরি দেয়ার নাম করে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের সর্বস্বান্ত করতেন।
সরকারি চাকরির জন্য কেবল মাত্র সরকার নির্ধারিত ফি ছাড়া কাউকে কোন টাকা দিয়ে প্রতারিত না হবার আহ্বানও জানান গোয়েন্দা প্রধান।