রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা নামে এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বনগ্রাম রোড পানির টাংকির পাশে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমেনার বাবা তাজুল ইসলাম বলেন, সকালে শিশুর মা খোদেজা আক্তার বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেয়ে আমেনা সবার অগোচরে বাথরুমে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
স্বজনা জানান, দুই বোনের মধ্যে আমেনা ছোট। তাদের বাড়ি ফেনীর সদর উপজেলায়। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়ারের ব্যবসা করেন।