মাদক ব্যবসায় বাধা দেয়ায় চোখে ছুরিকাঘাত

রাজধানীর জুরাইনে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক যুবকের বাম চোখ নষ্ট করে দিয়েছে মাদক বিক্রেতারা।  

সোমবার  বেলা সাড়ে বারোটার দিকে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।  গুরুতর আহত অবস্থায় নুর ইসলামকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঢামেকের চক্ষু বিভাগের ডিউটিরত চিকিৎসক জানিয়েছেন আহত নুর ইসলামের বাম চোখ ছুরিকাঘাতে ছিদ্র হয়ে নষ্ট হয়ে গেছে।

আহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, তার স্বামী নুর ইসলাম পেশায় একজন পাঠাও চালক। দুপুরে স্বামী-স্ত্রীর দুজনই বাসা থেকে বের হলে বাসার অদূরে চেয়ারম্যান বাড়ি এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী দিপু শাকিল জোর করে আমার স্বামীকে ধরে টেনে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

তিনি আরও বলেন, ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমার স্বামীর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এই কাজে জড়িত ছিলো দিপু, শাকিল, মাসুম, রুবেল, শুক্কুর সহ পাঁচ-সাত জন।পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন দিপু, শাকিলসহ এরা সবাই এলাকার চিন্তিত  মাদক ব্যবসায়ী। আমার স্বামী অনেক আগে থেকে মাদক বিক্রিতে বাধা দিতো। আগে পুলিশ তাদের গ্রুপের দুজনকে গ্রেপ্তার করলে তারা ধারণা করে সে-ই তাদের ধরিয়ে দিয়েছিলো। এ-সব ঘটনার জের ধরে আজ এই হামলা করেছে তারা। আমাদেরকে এই এলাকা ছেড়ে চলেও যেতে বলেছে মাদক সন্ত্রাসীরা।