কালশি রোডে ট্রাক চাপায় দুই ভাইয়ের মৃত্যু

ক্যান্টনমেন্ট থানাধীন কালশি রোডে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের।  নিহতরা হলেন  রাহুল (২৬) ও রাফি (১৬)।

বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে‌।
 
নিহতদের  চাচা বিল্লাল  হোসেন জানান, রাতে রাহুল তার ছোট ভাই রাফিকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কালশি ব্রিজ দিয়ে নিজ বাসায় মিরপুর বাউনিয়া বাঁধ সি- ব্লকের বাসায় ফিরছিলেন। কালসি রোডে সান্তা সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময়ে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুজনকে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাফিও মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীমুল ইসলাম। তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতরা মিরপুর বাউনিয়া বাঁধ সি- ব্লকের বাসিন্দা জহরুল ইসলামের ছেলে।