ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এই কর্মসূচি ঘিরে রাজধানীর প্রগতি সরণিতে দুপুরে হঠাৎ করেই নেমে আসেন আন্দোলনকারীরা। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল।
শনিবার দুপুর সোয়া একটার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় রাস্তায় হুট করে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। এদিকে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য পুলিশ।
শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজারের দিকের সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন আর নদ্দা, নতুন বাজারের দিকে যেতে পারছে না।
জড়ো হওয়া আন্দোলনকারীরা বলছেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসবে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি।