সাংবাদিকদের ওপর হামলায় এফইআরবির নিন্দা ও প্রতিবাদ

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সিনিয়র সদস্য মোহনা টিভির হেড অব নিউজ বোরহানুল হক সম্রাটের ওপর হামলা এবং একাত্তর টেলিভিশন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, সময় টেলিভিশন ও এটিএন নিউজের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর ও নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ।

শনিবার এক বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এফইআরবির নেতারা।

গত ৭ আগস্ট দুর্বৃত্তরা মোহনা টেলিভিশন কার্যালয়ে ঢুকে বোরহানুল হককে হুমকি দিয়ে নিচে নিয়ে যায়। পরে তাকে মারপিট করে অফিসে প্রবেশ না করার হুমকি দেয়।

ওই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বোরহানুল হক সম্রাট ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এফইআরবি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্বের ইতিহাসে এক অনন্য নজীর স্থাপন করেছে।

আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ বাঙ্গালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজয়ী শিক্ষার্থীদের জানাচ্ছি অভিনন্দন। তাদের হাত ধরে বাংলাদেশের আপামর জনসাধারণ নতুন করে বাঁচার দিশা খুঁজে পেয়েছে।

কিন্তু কিছু দুষ্কৃতকারী নতুন প্রজন্মের বীরদের বিজয়কে কলুষিত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যার সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পর্কনেই বলে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন সমন্বয়করা।

এফইআরবিও মনে করে সাধারণ ছাত্ররা এর সঙ্গে জড়িত থাকতে পারে না। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে এফইআরবি।