নির্ধারিত সময়ে চালু হচ্ছে না মেট্রোরেল, অপেক্ষা বাড়লো

আগামী শনিবার থেকে মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত নিয়েছিলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে অনিবার্য কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে পরিচালনাকারী কোম্পানিটি। 

বৃহস্পতিবার রাতে কোম্পানির সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ডিএমটিসিএলের আওয়তায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন- ৬ এর মেট্রোরেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত সাত দিনের মধ্যে পুনরায় চালুর নির্দেশ দেয়।

ডিএমটিসিএল জানায়, অনিবার্য কারণে সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করা যায় নাই। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীছাড়া পরিচালন পরীক্ষা শেষে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া মেট্রোরেল চালু ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই প্রেক্ষাপটে, আগের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে মেট্রোরেল চালু করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে কবে নাগাদ বহু কাঙ্খিত এই গণপরিবহন সেবা চালু হবে সে ব্যাপারে ওই চিঠিতে কিছু বলা হয় নাই।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৮ জুলাই বিকেল পাঁচটা থেকে বন্ধ রাখা হয় রাজধানীর জনপ্রিয় ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল। 

১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।