বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার। এ উপলক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তবে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।  

প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষ্যে রোববার বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করতে মাজারে ঢল নেমেছে মানুষের।

সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গনে উপস্থিত হতে থাকেন।  

এর আগে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ছয়দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হবে।

তিনি আরও বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারাদেশে বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

একইসাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইবো উল্লেখ করে ফখরুল জানান, বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

১৯৭৮ সালের এক সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

দল গঠনের পর থেকে, বিএনপি যথাক্রমে ১৯৭৯ এবং ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে।