ঢাকার পল্লবীতে নিজ বাসায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী।
শনিবার পল্লবী থানাধীন সাগুফতা এম এন হাউজিং ব্লক-বির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম শামসুন্নাহার (৫২)। অভিযুক্ত স্বামীর নাম মোখলেছুর রহমান (৫৬)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ি থানার মারিবালয় এলাকায়। তিনি এখন পল্লবী থানা হেফাজতে আছেন।
পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক স্বামী মোখলেছুর রহমানের বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পায় পুলিশ।
পরে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি নজরুল ইসলাম জানান, হত্যার পর মোখলেছুর থানায় এসে নিজেই আত্মসমর্পণ করে বলেন, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আমাকে গ্রেপ্তার করুন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের কারণেই নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন মোখলেছুর।
ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ির মারিবালয় গ্রামে। পল্লবীতে স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন তিনি।