‘লিজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্ট স্থগিত

প্রবল বৃষ্টির কারণে ‘লিজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্ট স্থগিত করা হয়েছে। শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কনসার্টটি। পাকিস্তানি ব্যান্ড জাল ও বাংলাদেশের কয়েকটি ব্যান্ডের পারফর্ম করার কথা ছিলো এতে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া পরিস্থিতি ইভেন্টটি অনিরাপদ করে তুলেছে। অংশগ্রহণকারী, শিল্পী এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। 
শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে একটি সংবাদ সম্মেলন করে কনসার্টের পুনঃনির্ধারিত তারিখ ঘোষণা করা হবে বলেও জানান আয়োজকরা।

দীর্ঘ ১৪ বছর পর আবার ‘লিজেন্ড অব দ্য ডিকেড’ কনসার্ট করতে ঢাকা এসেছিল জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। মঙ্গলবার রাতেই জাল ব্যান্ডের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলেও আগে জানিয়েছিলেন আয়োজকরা। 

‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিলো নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস এবং অর্থহীন ও সুমনের।