রেস্টুরেন্টের সেপটিক ট্যাংকে মিললো বিদেশি মদ-বিয়ার

রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, মো.এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)।

কিংফিসার রেস্টুরেন্ট ও বারের মালিক মো. মোক্তার হোসেন বিদেশে থাকায় পলাতক হিসেবে তাকে আসামি করা হয়েছে।

শামীম আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে সংবাদের ভিত্তিতে উত্তরার কিংফিসার রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় ভবনের নীচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এক হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তিনি আরও জানান, কিংফিসার রেস্টুরেন্টের অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া তারা উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিষিয়ে তুলেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেপ্তার করায় আনন্দ উল্লাস করেন স্থানীয়রা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে, যোগ করেন শামীম আহম্মেদ।