রিমান্ড শেষে কারাগারে সাধন-নজিবুর-আমিনুল

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মো. আমিনুল ইসলামকে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের নেয়া হলে বৃহস্পতিবার বিকেলে জামিন আবেদনের ওপর শুনানি হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ৩ অক্টোবর রাতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) হত্যার অভিযোগে করা মামলায় সাধন চন্দ্রের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই বিকেলে বনানী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকেও গ্রেপ্তার করা হয়।

৭ অক্টোবর যুবদল নেতা শামীম হত্যা মামলায় দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।