১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমক কমিশনের (দুদক) মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র হাইকোর্ট থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন। অন্যদিকে, গ্রেপ্তার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সহকারী প্রকল্প এ পরিচালক মোস্তাক আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত হাজির করা হয় সুধাংশু ও মোস্তাককে।
দুদকের পাবলিক প্রসিকিউটার মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব মোস্তাক আহমদেকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা আদালত মঞ্জুর করে।
একই মামলার আরেক আসামি ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র হাইকোর্ট থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন।
এর আগে ২০ আগস্ট অনিয়মের অভিযোগে সুধাংশু শেখর ভদ্রসহ দুই জনের নামে মামলা করে দুদক।
অপরদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী জানান, সকালে সিএমএম কোর্টে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা জিয়াউল আহসানকে। পরে খিলগাঁও থানার একটি হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুনকে এবং নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদির দাবি, গত চার আগস্ট খিলগাওয়ের তালতলায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ। সেসময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।