ভোগান্তির নাম বাদালদি সড়ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের বাদালদি সড়ক। গত ২০ বছরে একবারও মেরামত হয়নি সড়কটি। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা ব্যক্তি উদ্যোগে কয়েকবার সংস্কার করেছেন। কিন্তু সেটাও সাময়িক। খানাখন্দে ভরা এই সড়কে সড়কে জমে থাকা নোংরা পানি যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি এলাকাজুড়ে চর্মরোগের কারণ হয়েছে।

উত্তর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের বাদালদি সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি একসময় পিচ ঢালা সড়ক ছিলো। এক দুই বছর নয় গেল ২০ বছরেও এই রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নি।

বাউনিয়া বট তলা থেকে বাদালিদ হয়ে উত্তরা ১৭ নম্বর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার পুরোটাই ছোট বড় গর্তের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা এবড়োখেবড়ো সড়কে ঝাঁকুনি সহ্য করে চলাচল করতে হয়। রাস্তায় ইট সুরকি আর পানির নিচে তলিয়া থাকা গর্তে রোজই ঘটে দুর্ঘটনা।

road1

ব্যক্তি উদ্যোগে রাস্তায় ইটের খোয়া ও বালি ফেলে কিছুটা সংস্কার করেছিলেন এলাকাবাসী। তবে এবারের অতি বর্ষায় সেই চেষ্টা ভেস্তে গেছে। কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই এখানে। তাই সারা বছরই জমে থাকে পানি। ফলে পয়োবর্জ্য যুক্ত হয়ে তৈরি হচ্ছে দুর্গন্ধ যুক্ত পরিবেশ।

২০১৬ সালে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের আওতায় আসে ৫২ নম্বর ওয়ার্ড। এমপি ও কাউন্সিলরদের পেছনে ধরনা দিয়েও এই রাস্তার কাজ করাতে পারেননি এলাকাবাসী।