চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাতে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে চানখারপুল মোড়ে অসংখ্য ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলে। হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদারও ওই আন্দোলনে অংশ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলি করলে রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাডো সিরাজ এজাহারভুক্ত আসামি।