মোহাম্মদপুরে দুই পক্ষের গোলাগুলি, কিশোর আহত

রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে পড়ে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। ডান হাত ও পেটের নিচে গুলিবিদ্ধ হওয়া কিশোরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে থানার জেনেভা ক্যাম্পের ভেতরে এই ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম মো. রহমত ওরফে সার্জ্জন (১৩)। তার বাবার নাম মো. শমসের। তিনি সে ওই ক্যাম্পের একটি সেলুনের কর্মচারী। 

আহতের বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেন, বিকেলে বাসা থেকে পানি আনতে বের হয় রহমত। এসময় ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে সেখান থেকে তাকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তার ভাষ্য, ওই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত কিশোর ঢামকে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মোহাম্মদপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা।

গত অগাস্টে রাজনীতির পট পরিবর্তনের পর হঠাৎ করে অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। শেখ হাসিনার সরকার পতনের পর আড়াই মাসে মোহাম্মদপুর থানা এলাকায় খুন হয়েছেন অন্তত সাত জন। এর মধ্যে গুলিতে, ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যার ঘটনা আছে। গুলিতে আহত হয়েছেন অনেকেই। দিনে দুপুরে ছিনতাইয়ের পাশাপাশি গাড়ি থামিয়ে কোম্পানির টাকা লুটের ঘটনাসহ হচ্ছে ‘গ্যাং ফাইট’। এমনকি নির্মাণাধীন ভবনে ঢুকে ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নির্মাণ সামগ্রী।