ঢাকার ১৩টি স্থানে রোববার থেকে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
শনিবার রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাতটি ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি স্থানে এ ডিম বিক্রি কার্যক্রম চলবে।
তার মধ্যে উত্তর সিটির তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর এবং উত্তরা-১০ (খামারপাড়া রোড) ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে।
এছাড়া দক্ষিণ সিটির কাপ্তান বাজার, নিউ মার্কেট, জুরাইন, খিলগাঁও কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া ও চিটাগাং রোডে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে।
ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার এরই মধ্যে কিছু দ্রব্যাদির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ রোজায় অতি প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
ভোক্তার ডিজি আরও বলেন, ঢাকা সম্প্রসারিত হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেজগাঁও ও কাপ্তান বাজার মাত্র এই দুটি স্থানে ডিমের আড়ত রয়েছে। ভোক্তাদের সুবিধার্থে রোববার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয় ও দক্ষিণ সিটি করপোরেশনে সাত সাব সেন্টারে সরাসরি ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।