সাত কলেজ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। 

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

২০১৯ সালের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে এই সরকারের উপদেষ্টা আসিফ ও নাহিদ সক্রিয় ছিলেন উল্লেখ করে তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ভিসি আরোফিন সিদ্দিককে দিয়ে এই অধিভুক্তির ব্যবস্থা বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নানা সংকটে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাবির আরবি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকার পরও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলা হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক র‍্যাংকিং গণনার ক্ষেত্রেও অধিভুক্ত সাত কলেজকে বিবেচনা করা হয় বিধায় ঢাবির অবস্থান নিম্নমুখী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তী সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই, যেন দ্রুত সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়।