ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে টানা কয়েক ঘণ্টার সড়ক অবরোধ শেষে সেখান থেকে সরে গেছেন আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশা চালকরা।
সোমবার সকাল সাড়ে ১০টার পর ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। এসময় মিরপুর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারী ও অফিসগামীরা।
পরে কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক ছেড়ে যান তারা।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস গণমাধ্যমকে জানান, সোমবারও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। তাদের রাস্তা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে সোমবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তারা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তারা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।