অর্থের অভাবে বন্ধ ডেঙ্গু সচেতনতার কার্যক্রম

দীর্ঘ ছয় মাস ধরে ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে টেলিভিশন চ্যানেল, রেডিও, প্রিন্ট, অনলাইনসহ নানা মাধ্যমগুলোতে জনস্বার্থে সচেতনতা বার্তা প্রচার বন্ধ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি বলেছে, রাজনৈতিক পট পরিবর্তন ও বাজেট স্বল্পতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই প্রোগামটি সাময়িকভাবে স্থগিত আছে। তবে, আসছে জানুয়ারিতেই চালু হতে পারে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুর বিস্তার রোধে নাগরিকদের সচেতন করতে প্রচারের বিকল্প নেই। এর অংশ হিসেবে প্রতিবছর রেডিও টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপনসহ সচেতনতামূলক নানা তথ্য প্রচার করে আসছে স্বাস্থ্য অধিপ্তর।

এ জন্য আলাদা বরাদ্দও পেয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু চলতি বছরের গেলো জুনের পর থেকে বন্ধ রয়েছে ডেঙ্গু সচেতনতার এসব প্রচার ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতি ৫ বছর পরপর স্বাস্থ্য মন্ত্রলায়ের অধীনে হেলথ পপুলেশন এন্ড নিউট্রেশন প্রোগ্রামের আওতায় অর্থ বরাদ্দ দেয়া হয়। যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার প্রকল্পও থাকে।

X02

এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরন, পোস্টার,বিজ্ঞাপন প্রচার, এডিস মশার ঘনত্ব জরীপসহ নানা বার্তা গণমাধ্যমে প্রচার করা হয়। গেলো জুনে শেষ হয় পাঁচ বছর মেয়াদী সেই প্রকল্প।

নতুন করে প্রকল্পটির মেয়াদ আর না বাড়াতেই মুখ থুবড়ে পড়েছে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তন ও বাজেট না থাকায় হেলথ পপুলেশন এন্ড নিউট্রেশন প্রোগ্রামটির মেয়াদ বাড়ানো হয়নি।

তবে নতুন বছরের শুরুতে এই কার্যক্রম আবারও চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। চলতি বছর ২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৩ হাজার জনের। আর, মৃত্যু হয়েছে ৪৯৭ জনের।