বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

দুর্নীতিকাণ্ডে বছরজুড়ে আলোচিত পতিত হাসিনা সরকারের দুই শীর্ষ কর্মকর্তা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে আলাদা ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৫ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

এই ছয় মামলার মধ্যে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা হয়েছে।  আর মতিউর রহমান ও তাঁর স্ত্রী শাম্মী আখতারের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা হয়েছে।

বিকেলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ছয় মামলার মধ্যে বেনজীর, তার স্ত্রী জিসান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে চারটি মামলা করা হয়েছে। বাকি দুটি মামলা হয়েছে এনবিআরের সাবেক সদস্য ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে।

প্রথম মামলা আসামি হয়েছেন বেনজীর । তার বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার এবং ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বেনজীর ও তার স্ত্রী জীসান মির্জা। জীসানের বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এই সম্পদ তিনি তার স্বামী বেনজীর আহমেদের ‘অবৈধ আয়ের মাধ্যমে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তৃতীয় মামলায় বেনজীর ও তার মেয়ে ফারহিন রিশতা বেনজীরকে আসামি করা হয়েছে। এ মামলায় রিশতার বিরুদ্ধে ৮ কোটি ৭৫ লাখ ২৭৪ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চতুর্থ মামলায় আসামি হয়েছেন বেনজীর এবং তার মেয়ে তাহসিন। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ছাগলকাণ্ডে আলোচিত-সমালোচিত মতিউরের বিরুদ্ধে এক মামলায় ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার ‘সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় মতিউরের সঙ্গে আসামি হয়েছেন তার স্ত্রী শাম্মী আখতার শিবলী। তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ এবং ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।