গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার সকালে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার।
গ্রেপ্তার মোয়াজ বিন নূরের বাসা উত্তরার ৭ নম্বর সেক্টরে। ঢাকার খিলক্ষেত এলাকায় তার মায়ের বাসা রয়েছে। তিনি ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন নিহত ও অর্ধশতজন আহত হন।
পরে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে ও জেলার আলমি শুরার সাথি।
মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ’ জনকে আসামি করা হয়।