আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। তার দাবি, আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার চক্রান্তের শিকার তিনি।
এদিন অস্ত্র মামলায় মতিউর রহমানের তিন দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ১২ বছরের বেশি সময় কারাগারে থাকায় এখন তাদের মুক্তিতে বাঁধা নেই বলে জানান তার আইনজীবীরা।
বুধবার (১৫ জানুয়ারি) দিনভর নানা নাটকীয়তার পর বিকেলে আদালতে আনা হয় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সস্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ছাগলকাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর রহমান আদালতে বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস যাবত তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলে দাবি করেন তিনি।
অপরদিকে দুদকের দায়ের করা মামলায় দুপুরে আদালতে তোলা হয় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে। তাকে ওই মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আদালত।
এর আগে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে জরিমানা বাবদ ৪৪ কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের। তবে এরই মধ্যে ১২ বছর তিন মাস কারা ভোগ করায় রফিকুল আমিন ও ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের মুক্তিতে আর কোনো বাঁধা থাকছে না বলে জানান তার আইনজীবী।
অন্যদিকে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ইউপি সদস্য তারা মিয়াকে চার দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, হাজী সেলিম, জুনায়েদ আহমেদ পলক, সোলায়মান সেলিমসহ ১৪ আসামিকে।