তিন ছাত্র উপদেষ্টা এসে দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে চিকিৎসা, পুনর্বাসন ও স্বীকৃতির দাবি জানিয়ে এই ঘোষণা দেন তারা।
দিনভর শ্যামলী-আগারগাঁওয়ের রাস্তায় আন্দোলন করেন তারা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে সেখান থেকে রওনা দেন। কিন্তু পরীবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে সেখানেই বসে যান তারা।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর বা পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা।
সেখানে সারারাত থেকে পরে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান জুলাই আন্দোলনে আহতরা।
তারা বলেন, রাষ্ট্র কেন আমাদের অবহেলা করছে বুঝতে পারছি না। গতকাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত রাস্তায় নেমে আমরা আন্দোলন করেছি। এরপরও সরকার থেকে কোনো সাড়া মেলেনি। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলো লিখিত আকারে দেবো। আমরা আশা করি তিনি আমাদের কথা বিবেচনা করবেন। তিনি আমাদের রাস্তায় ফেলে রাখবেন না।