মায়ের কবরে সমাহিত হবেন অঞ্জন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের মরদেহ দেশে এসেছে। নির্মাতা অঞ্জন ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে শেষ শয্যায় শায়িত হবেন প্রয়াত এই নির্মাতা। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার ভারত থেকে অঞ্জনের মরদেহ দেশে আসে। আজ দাফন হবে এ গুণী নির্মাতার।

লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। বেঙ্গালুরুতে অঞ্জনের চিকিৎসা শুরু হলে তার শরীরে একটি অস্ত্রোপচারও হয়।

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন। ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিলো তার প্রথম ফিচার ফিল্ম।

প্রথম ছবির জন্যই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অঞ্জন।

জাহিদুর রহিম অঞ্জন স্ত্রী কথাসাহিত্যিক শাহীন আখতার, দুই ভাই, এক বোন ও অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। তিনি ভাষা সৈনিক মিজানুর রহিমের সন্তান।