দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে অফিসে দায়িত্বকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গতকাল রাতে কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আলী হাবিব ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
আলী হাবিব দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপ-সম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন।