ঈদযাত্রা সুখকর করতে ট্রেনের সূচি বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯ ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রায় নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
শিডিউল বিপর্যয় ও রেলযাত্রায় শৃঙ্খলা ধরে রাখতে ঈদযাত্রা শুরুর দিন গত ২৪ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে।
অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্ম থেকে গন্তব্যের উদ্দেশে চলাচল করছে।
ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীর অন্যান্য বাহনগুলোর স্টেশন কিংবা কাউন্টারগুলোর মতই জনসমাগম বেড়েছে দেশের সবচেয়ে নিরাপদ ও সময় সাশ্রয়ী বাহন রেলযাত্রায়।
রাজধানীর মূল স্টেশন কমলাপুর থেকে শুরু করে তেজগাঁ, বিমানবন্দর প্রতিটি স্টেশনে ঈদযাত্রার আনাগোনা চলছে স্বস্তিতে।
এছাড়াও ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।