সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই হামলায় ডিআরইউ’র তিন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ডিআরইউ এর বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা বাবুলসহ ডিআরইউ এর কর্মীদের ওপর হামলা চালায় ও মারধর করে। হামলার সময় অভিযুক্ত সবার হাতে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা ছিলো।
প্রত্যক্ষদর্শী সিকিউরিটি কর্মীরা বলেন, কর্মী বাবুল সকালে ক্লাবে আসছিলেন, পথে তাকে একা পেয়ে তারা হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। বাকি দুই জন অভিযুক্তদের থামাতে গিয়ে হামলার শিকার হন।
ঘটনার পর দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।