রাজধানীতে গণপিটুনিতে দুই তরুণ নিহত

রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দারুস সালামের আহমদনগরের হাড্ডি পট্টি এলাকায়  গণপিটুনিতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

রকিবুল হোসেন আরও জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টাও করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।