১৪ বছরে সংবাদ ও সংযোগে নির্ভরতার একাত্তর টেলিভিশন

১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো দর্শকের ভালোবাসার একাত্তর টেলিভিশন। সংবাদ নয়, সংযোগ, প্রতিপাদ্যে, যাত্রা শুরু করা টেলিভিশনটির জন্মদিনে সূচিত হলো নতুন প্রত্যয়। একাত্তর উদযাপন করবে, মানুষ, গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২ পেরিয়ে কাটা হয় জন্মদিনের কেক। উপস্থিত ছিলেন টেলিভিশনটির সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। 

বছর ঘুরে আরও একবার পূর্ণতার গল্প। এ গল্প দর্শককে সাথে নিয়ে একাত্তরের এগিয়ে যাবার… তাই এই ক্ষণ আনন্দক্ষণ। সেই মাহেন্দ্র সময় একাত্তর উদযাপন করলো টেলিভিশনটির সকল কর্মকর্তা ও কর্মচারীদের ভালোবাসাময় মিলনমেলায়। 

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে একাত্তর মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একাত্তর দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

টেলিভিশনের সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ বলেন, নতুন প্রত্যয়ে একাত্তর উদযাপন করবে মানুষ সাথে গণতন্ত্রের ও  জুলাই চেতনার সম্পর্ক।

রাতের এই আনন্দঘন সময় পেরিয়ে দিনব্যাপী একাত্তরের পর্দায় থাকবে উদযাপনের নানা আয়োজন। সে আয়োজনে দর্শকের নিমন্ত্রণ।