জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন খালাস পেয়েছেন।
রোববার (২২ জুন) ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
দুলু এবং তার স্ত্রীর আইনজীবী বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।
মামলার অভিযোগে বলা হয়, পাঁচ কোটি এক লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং আট কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা।
তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।
ওই বছরের ২৯ অগাস্টে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।