মিরপুরে অনার্স বোর্ড চালু করলো বিসিবি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ড চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারদের নাম অনার্স বোর্ডে আছে।

টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ওই বছরের ১০ নভেম্বর অভিষেক টেস্ট খেলতে নামে টাইগাররা।

আকরাম খান থেকে শুরু করে হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটারের নামও অনার্স বোর্ডে আছে।

এছাড়াও নাঈম হাসান-নাহিদ রানার মত বর্তমান সময়ে ক্রিকেটারদের নামও অনার্স বোর্ডে আছে।

খেলোয়াড়দের নাম, অভিষেকের সময় এবং টেস্ট ক্যাপ নম্বরের তথ্য অনার্স বোর্ডে খোদাই করা আছে। অনার্স বোর্ডের পাশে একটি স্মারক ক্যাবিনেটও করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে জয় করা সব ট্রফি ক্যাবিনেটে রাখা হয়েছে।

অনার্স বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ সময় বিসিবি সভাপতি, সাবেক খেলোয়াড় এবং বিসিবির অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা। দেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ ছিল এই পুনর্মিলনী অনুষ্ঠান।