চিকিৎসা শেষে বাসায় ফিরলো মাইলস্টোনের রাফসি ও আয়ান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। 

পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

চিকিৎসকদের সঙ্গে রাফসি আক্তার রাফিয়া (মাঝে)।

ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের একজন ১২ বছর বয়সী আয়ান খান; আরেকজন একই বয়সী রাফসি আক্তার রাফিয়া। তাদের বার্ন ইনজুরি এক শতাংশের মতো ছিলো। 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়ান খানের বাবা মোস্তফা কামাল বাপ্পী বলেন, আয়ান সুস্থ আছে, চিন্তার কিছু নাই। যতটুকু বার্ন হয়েছিলো হাতে, এখন ঠিক আছে। কানে একটু সমস্যা আছে, আশা করছি সেটিও ঠিক হয়ে যাবে। 

পরিবারের কাছে ফিরলো আয়ান।

প্রত্যেকটা সন্তানকে আল্লাহ যেন তার মা-বাবার কোলে ফিরায়ে দেয়, তিনি প্রার্থনাও করেন। 

চিকিৎসকরা জানান, রাফসি ও আয়ানের পোড়া তুলনামূলকভাবে কম ছিলো। তাদের জটিলতাও তেমন ছিলো না। তাই বিদেশি চিকিৎসকদের পরামর্শে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক, এখনও ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে চারজন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে অর্থাৎ এদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে।