পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া রোববার (৩ আগস্ট) এইচএসসি ও সমমান  এবং বিসিএস পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীদের রওয়ানা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শনিবার এ আহ্বান জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময়ে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

প্রসঙ্গত, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জনসমাবেশ’ করবে এনসিপি।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে।

এছাড়া রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।