জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতরা হলেন- আতিকুল গাজী (২০), সাইফুল ইসলাম (২৬), লাইলী আক্তার (২৫), কামরুল হাসান(২৯), শরিফুল ইসলাম (২৯), সিনথিয়া (২১) আশরাফুল (২০), হাবিবউল্লাহ (৩০), শফিউল্লাহ (৩২), শাকিব (২৫), মো. লিটন (৩২), তানভীর (২২), দুলাল (৩০), কামাল (৩২), ওমর ফারুক (২৭), নুরুল হুদা (২৫), আখের উদ্দিন (২৮), মিজান (২৮), মোস্তাক বিপ্লব (২৭) ও আল আমিন (৩৪)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, আহতদের অবস্থা গুরুতর নয়।
ঢামেক হাসপাতালে আহত হয়ে আসা জুলাই যোদ্ধা ডান হাত হারানো আতিকুল গাজী বলেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হবে না। এর প্রতিবাদে আমরা জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করে আসছিলাম।
তিনি আরও বলেন, ইতি পূর্বে আমরা প্রেস ব্রিফিং করেছিলাম, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। আজ তারা আমাদের দাবি না মেনে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বাস্তবায়ন করতে যাচ্ছিলেন। আমরা দাবি জানাতে সঙ্গবদ্ধ হয়েছিলাম। তখন সরকারের নির্দেশে পুলিশ বাহিনী আমাদের উপর অর্তিকিত হামলা চালিয়ে, টিয়ার শেল, লাঠিচার্জ করে। এতে আমরা হই।