মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে টানা ১১তম দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি শিক্ষকরা তখন বঞ্চিত হন।
বক্তারা আরো অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারি মাসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সেই ঘোষণার কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি।
শিক্ষকরা হুঁশিয়ারি দেন যে, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এবং প্রয়োজনে তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন।