বাড্ডা থেকে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্ত নিয়ে ক্ষোভ স্বজনদের

রাজধানীর উত্তর বাড্ডার একটি মাদ্রাসা ভবনের নিচতলার গুদাম থেকে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনই ওই মাদ্রাসায় কাজ করতেন। স্বজনদের দাবি, পরিকল্পিত তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় চাকরি করতেন আলাউদ্দিন ও শাকিলা। অক্টোবরের ২৫ তারিখ থেকে নিখোঁজ হন তারা। এরপর পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

এর সাতদিন পর রোববার (২ নভেম্বর) ওই মাদ্রাসা ভবনের নিচ তলার কক্ষ থেকে আলাউদ্দিন ও শাকিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

দুইজনের পরিচিতরা এই ঘটনায় হতভম্ব হয়ে যান। তারা বলছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। 

শাকিলার বোনের স্বামী বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো মাদ্রাসাটিতে। কর্তৃপক্ষ বলছে, দেড়মাস ধরে ভবনের সিসিটিভি ক্যামেরা নষ্ট। আর ভবন মালিকের ছেলে জানান, ঘটনার সময় তারা ঢাকার বাইরে অবস্থান করছিলেন। 

বাড্ডা থানা পুলিশ এনিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তারা।

মরদেহ উদ্ধার হওয়া কক্ষটিকে সিলগালা না করা, বাড়িওয়ালা ও মাদ্রাসার কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক না করায় প্রশ্ন তুলছেন স্বজনরা।