টিএসসিতে বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটেছে। অন্যদিকে মিরপুরের পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামের এক পথচারী আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি–সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ককটেল এসে পড়ে। পরে দেখি বাইকের তেলের ট্যাংক ফেটে গেছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই রাতে টিএসসি, রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অপরদিকে বুধবার রাত ১২টা ১০ মিনিটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।