ভূমিকম্পে ঢাকা ও আশপাশের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ যা জানা গেলো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো পাঁচ দশমিক সাত। ভূমিকম্পের তীব্র এতোটাই ছিলো যে, এখন আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর। ভূমিকম্পে এখন পর্যন্ত ঢাকায় তিন জন এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে সর্বশেষ ফায়ার সার্ভিসের বার্তা

  • পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি আট তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। ভবনটির তেমন কোনো ক্ষতি না হলেও পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
  • ঢাকার খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন।  স্থানীয়রা তাকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।
  • ঢাকার বারিধারা ব্লক-এফ, পাঁচ নম্বর রোডের একটি বাসা বাড়িতে আগুন লেগেছে।বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
  • সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে। 
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 
  • কলাবাগানের আবেদখালী রোড একটি সাত তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিলো।
  • মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে।