সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার (৩০ নভেম্বর) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি একাত্তরকে নিশ্চিত করে জানান, দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সচিবালয়ের একটি ভবনে ধোঁয়া দেখা গেলে সচিবালয়ের মধ্যে থাকা ফায়ার সার্ভিস ইউনিট তা জানতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে অন্য দুইটি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা হলেও ওই ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে জানা যায়, দুই তারের স্পার্ক থেকে ধোঁয়ার উৎপত্তি হয়েছিলো। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।