মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহজাহান রোডের একটি বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

হত্যার শিকার মা-মেয়ে।

পরিবারের ধারণা, গৃহকর্মী আয়েশা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তদন্তে নামে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা ৫২ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে ছিলো কালো বোরকা। এরপর বের হন ৯টা ৩৬ মিনিটে। তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস।

অভিযুক্ত গৃহকর্মী আয়েশা।

পরে জোড়া হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।

 মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল ৭টার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। 

এজাহারে আরও উল্লেখ আছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।