ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কারওয়ান বাজার মোড় অবরোধ ও আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে, গত রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং অতিরিক্ত করের চাপ গ্রাহকের ওপর পড়বে, বেড়ে যাবে মোবাইল ফোনের দামও।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এর ঠিক আগেই বড় ধরনের আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা।